পেট্রোবাংলার অস্থায়ী কর্মচারীদের চাকরিতে পূর্ণবহাল উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

পেট্রোবাংলার অস্থায়ী কর্মচারীদের চাকরিতে পূর্ণবহাল উপলক্ষ্যে আলোচনা সভায় নেতৃবৃন্দ
পেট্রোবাংলায় অস্থায়ীভাবে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের চাকরিতে পূর্ণবহাল নিশ্চিত হওয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পেট্রোবাংলার অস্থায়ী কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ২০২৫ ইং তারিখে পেট্রোবাংলায় আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত জনবলের তদারকির দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মাছরাঙা সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। অভিযোগ রয়েছে, উক্ত প্রতিষ্ঠানটি কর্মরত শ্রমিকদের নিকট অনৈতিকভাবে অর্থ দাবি করে এবং অর্থ প্রদান না করলে চাকরিচ্যুত করে নতুন জনবল সরবরাহের হুমকি প্রদান করে।

এ প্রেক্ষিতে পেট্রোবাংলা ও এর আওতাধীন সকল কোম্পানির অস্থায়ী কর্মচারী ঐক্য পরিষদ বিভিন্ন কর্মসূচি সহ পদক্ষেপ গ্রহণ করে। অত্র সংগঠনের শক্ত অবস্থানের ফলে পেট্রোবাংলায় কর্মরত অস্থায়ী সহকর্মীদের চাকরিতে পূর্ণবহাল নিশ্চিত হয়।

এই উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সংস্থা শ্রমিক-কর্মচারী ফেডারেশন, পেট্রোবাংলা ও এর আওতাধীন সকল কোম্পানির অস্থায়ী কর্মচারী ঐক্য পরিষদ এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়।

আলোচনা সভায় বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সংস্থা শ্রমিক-কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সভাপতি জনাব খন্দকার জুলফিকার মতিন ও সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলামসহ ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ, পেট্রোবাংলা ও এর আওতাধীন সকল কোম্পানির অস্থায়ী কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সভাপতি জনাব রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব নাছির চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সহ-সভাপতি জনাব খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক জনাব হাবিব সোহেল ও দপ্তর সম্পাদক জনাব আওলাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ পেট্রোবাংলার আওতাধীন সকল প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি তাঁদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে বাপেক্সে কর্মরত সকল সহকর্মীর চাকরিতে পূর্ণবহাল নিশ্চিত করার বিষয়ে তাঁদের দৃঢ় অবস্থানের কথা স্পষ্টভাবে তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে পেট্রোবাংলা ও এর আওতাধীন সকল কোম্পানির অস্থায়ী কর্মচারী ঐক্য পরিষদ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সভা থেকে পেট্রোবাংলার সকল প্রতিষ্ঠানের শক্তিশালী সংগঠনটি পেট্রোবাংলার সকল প্রতিষ্ঠানের সহকর্মীদের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
Previous Post